প্রথম আলোকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বিভিন্ন ইসলামী দলের নিন্দা ও প্রতিবাদের ঝড় !

জাতীয়

সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করায় দেশের বিভিন্ন ইসলামী দলগুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

 

আজ মঙ্গলবার পৃথক পৃথক বিবৃতিতে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ৯০% মুসলমানের দেশে ৩০ মার্চ প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করে ইসলাম ও মুসলমানদের প্রতি চরম অবমাননা করা হয়েছে। এই ঘটনাকে তারা ‘অমার্জনীয় অপরাধ’ এবং ‘ধৃষ্টতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, এটি মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছে।

 

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামের প্রতি এই বিদ্বেষমূলক আচরণের জন্য প্রথম আলো পত্রিকা কর্তৃপক্ষকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় সম্পাদকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং পত্রিকার প্রকাশনার অনুমতি বাতিল করতে হবে।

 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিবৃতি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এক যৌথ বিবৃতিতে বলেন, পবিত্র ঈদের মতো আনন্দঘন ও ইবাদতমূলক দিনে কুকুরের ছবি ব্যবহার করে ইসলামপ্রিয় জনতার হৃদয়ে আঘাত হানা হয়েছে।

 

তারা উল্লেখ করেন, এর আগেও এই পত্রিকার সম্পাদক জাতীয় মসজিদের তৎকালীন খতিব মাওলানা উবায়দুল হক (রহ.)-এর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। এবারের ঘটনায় একই ধৃষ্টতার পুনরাবৃত্তি ঘটেছে। ইসলাম ও ইসলামী ভাবধারা নিয়ে এই ধরনের অবমাননাকর কর্মকাণ্ড দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা।

 

বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিক্রিয়া:

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এক বিবৃতিতে বলেন, মুসলমানদের ঈদ শুধু আনন্দ নয়, বরং এটি শরীয়ত নির্দেশিত একটি ইবাদত। সেই ইবাদতের দিনে কুকুরের ছবি ব্যবহার করে ঈদ শুভেচ্ছা প্রকাশ করাকে জঘন্যতম ইসলামবিদ্বেষী অপরাধ হিসেবে চিহ্নিত করেন তিনি।

 

তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও প্রথম আলো মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল, যার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ গড়ে উঠেছিল। তিনি হুঁশিয়ার করে বলেন, এবারও প্রকাশ্যে ক্ষমা না চাইলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

 

জমিয়তের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরামের বিবৃতি:

জমিয়তের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, প্রথম আলো কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন বা পতিত সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে কাজ করছে কিনা তা তদন্ত করতে হবে।

 

তিনি প্রশ্ন তোলেন, সম্পাদকসহ যাঁরা পত্রিকাটির প্রকাশনার দায়িত্বে রয়েছেন, তাঁদের মধ্যে ইসলামবিদ্বেষী নাস্তিক কেউ আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। তিনি বলেন, এই পত্রিকাটি প্রকৃত দেশপ্রেমিক মুসলমানদের পত্রিকা হতে পারে না।

 

ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের বিবৃতি:

ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, ঈদের শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করে প্রথম আলো ইসলাম বিরোধী মনোভাব প্রকাশ করেছে।

 

তিনি বলেন, এরা বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং ইসলামি কৃষ্টি-কালচারকে হেয় করছে। পত্রিকাটির প্রকাশনা বাতিল করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

 

জাতীয় উলামা মুভমেন্টের বক্তব্য:

জাতীয় উলামা মুভমেন্টের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান ও মহাসচিব মাওলানা এহতেশামুল হক সাখী এক যৌথ বিবৃতিতে বলেন, এর আগেও প্রথম আলো ব্যঙ্গচিত্রের মাধ্যমে ইসলামপ্রিয় তৌহিদী জনতার হৃদয়ে চরম আঘাত হেনেছিল। এবারও একই কাজ করা হয়েছে। তারা বলেন, সম্পাদককে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে, না হলে পত্রিকাটির প্রকাশনা বাতিল করতে হবে।

 

বিভিন্ন ইসলামী সংগঠন ও আলেম সমাজ প্রথম আলো পত্রিকার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানিয়ে ইসলাম, ঈমান ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পত্রিকার সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *