পুশইনের এক বছর পর ৪ নাগরিককে ফেরত নিল ভারত

বাংলাদেশ

দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া শিশুসহ ৪ নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের উর্দ্বতন কর্মকর্তা, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফিরে যেতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশে পুশইনের শিকার ওই চার ভারতীয় নাগরিক। এসময় তারা নিজ দেশে ফিরে যেতে পেরে দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ভারতে ফেরত চার নাগরিকের মধ্যে রয়েছে একজন করে শিশু, কিশোর, নারী ও যুবক। 

এর আগে গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই ৪ জনসহ মোট ৬ জনকে পুশইন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত বছরের ৫ ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলেকে ফেরত নেয় ভারতীয় কর্তৃপক্ষ। 

আজ ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। আইনী জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের অনিহায় আদালতের নির্দেশে এই চার ভারতীয় নাগরিক চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাসায় ৭ মাসের অধিক সময় ধরে অবস্থান করছিলেন। 

পুশইনের পর গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক কর বিজিবিকে সোপর্দ করলে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তারা তিন মাস কারাবরণ করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *