
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কর্মসূচির উদ্বোধন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
.
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
.
তিনি সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের নির্দেশনা দেন। একই সঙ্গে প্রতিটি বিজিবি সদস্যকে বছরে অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমেই এ উদ্যোগের সফলতা নিশ্চিত করা সম্ভব।
বিজিবি জানায়, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির এবারের প্রতিপাদ্য বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। এই কর্মসূচির আওতায় বিজিবি সদর দপ্তরসহ দেশের বিভিন্ন স্থাপনায় এ বছর মোট ৭৩ হাজার গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার মাধ্যমে কর্মসূচিকে টেকসই করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
