নির্বাচনে ইসলামী দলগুলোর সমঝোতা নিয়ে ধোঁয়াশা ও জামায়াতের প্রভাব

বাংলাদেশ রাজনীতি

আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর ঘোষিত সমঝোতা প্ল্যাটফর্ম ঘিরে নতুন করে দেখা দিয়েছে ধোঁয়াশা ও অন্তর কোন্দলের ইঙ্গিত। প্ল্যাটফর্মের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত জামায়াতে ইসলামী আগে থেকেই তাদের রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব প্রতিষ্ঠিত করতে ব্যাস্ত। অতীতে সংসদে প্রতিনিধিত্বের অভিজ্ঞতা নিয়ে দলটি এবারও বৃহত্তর প্রস্তুতির কথা জানিয়েছে এবং ২০০-র বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে।

সম্প্রতি খুলনায় এক সমাবেশে দলটির একজন নেতা জানান, সমঝোতার স্বার্থে কিছু আসন ছাড় দেওয়া হতে পারে, তবে ২০০ আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্তে তারা অটল।

অন্যদিকে কওমী ও তাবলীগপন্থী একটি বড় অংশের প্রতিনিধিত্বকারী ইসলামী আন্দোলন বাংলাদেশও নিজেদের অবস্থানকে সমানভাবে শক্তিশালী বলে দাবি করছে। দলটির কেন্দ্রীয় নেতাদের ভাষ্য—৩০০ আসনের প্রস্তুতি থাকলেও অন্তত ১৫০ থেকে ২০০টি আসনে তারা নিজেদেরকে সবচেয়ে প্রতিযোগিতামূলক মনে করে।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি দাবি। ইসলামী আন্দোলন নাকি জামায়াতের কাছে ২০০ আসন চেয়েছে। বিষয়টি দ্রুতই বিতর্ক তৈরি করে এবং দলগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উত্থাপন হয়।

তবে আজ এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দাবিকে ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য—এটি কোনও আনুষ্ঠানিক জোট নয়; বরং প্রতিটি আসনে একজন ইসলামী প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে একটি সমঝোতা প্রক্রিয়া চলছে। তাদের দাবি,তারা যেমন ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়তও একই ধরনের ঘোষণা দিয়েছে। প্ল্যাটফর্মে থাকা অন্যান্য দলগুলোর অবস্থানও কাছাকাছি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঘোষণায় দৃঢ়তা থাকলেও বাস্তবে দলগুলোর প্রাধান্য, সাংগঠনিক সক্ষমতা এবং জনভিত্তির হিসেব থেকেই একটি প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হতেই পারে।

বিশেষ করে জামায়াতের বৃহৎ পরিসরের আসন দাবি এবং ইসলামী আন্দোলনের ক্রমবর্ধমান মাঠ উপস্থিতি সমঝোতা প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। এর ফলে ইসলামপন্থী ব্লকের মধ্যে একটি নীরব প্রতিদ্বন্দ্বিতা কিংবা গোপন অসন্তোষ তৈরি হওয়া অস্বাভাবিক নয়।

সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এটি কি কেবলই সমঝোতার স্বাভাবিক চাপ, নাকি ইসলামী দলগুলোর সম্পর্কের ভেতরে সূক্ষ্ম ফাটলের ইঙ্গিত? নির্বাচন যত ঘনিয়ে আসছে, সমঝোতার প্রকৃত রূপ এবং দলগুলোর পারস্পরিক অবস্থানই নির্ধারণ করবে ইসলামপন্থী রাজনৈতিক ব্লকের বাস্তব শক্তি ও সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *