নারীদের কাবাডি বিশ্বকাপ হবে ঢাকায়

খেলা

১৪টি দেশের অংশ গ্রহণে আগামী ১৫-২৫ নভেম্বর কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকায়। অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে এমনটি জানায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন। খেলা হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘তারুণ্যর উৎসবের অংশ হিসেবে আমরা বিশ্বকাপ আয়োজন করছি। বিশ্বকাপ আয়োজন যেকোনো দেশের জন্যই মর্যাদার। “বিউটিফুল বাংলাদেশ” ভাবনা নিয়ে আমরা এর সঙ্গে বাংলাদেশ পর্যটন বোর্ডকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। জাতীয় খেলা হিসেবে আমরা কাবাডিকে সামনে নিতে চাই। এই টুর্নামেন্টের মাধ্যমে ইউরোপের সঙ্গেও আমাদের সম্পর্ক তৈরি হবে।’

কাবাডি বিশ্বকাপ আয়োজনে খরচ হবে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। এব্যাপারে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘টিকিটের সাড়ে তিন কোটি টাকা দেবে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ)। আমরা কোনো টাকা নেব না আইকেএফের কাছ থেকে। সরকারের কাছ থেকে পাব ৫ কোটি টাকা। বাকি টাকা স্পনসরের কাছে থেকে নেব। আমরা মনে করি, দেশের কাবাডিতে বিশ্বকাপের একটা ইতিবাচক প্রভাব পড়বে। এ কারণেই এই আয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরা আন্তমন্ত্রণালয় সভা করব সব বিভাগকে নিয়ে। সশস্ত্র বাহিনীর সাহায্য নেব। ইতিমধ্যে বিভিন্ন টুর্নামেন্টে সশস্ত্র বাহিনীর সহায়তা আমরা নিয়েছি। এ ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে; কারণ, খেলোয়াড়েরা সবাই নারী।’

টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেওয়ার কথা আর্জেন্টিনা, চায়নিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার দলের। স্ট্যান্ডবাই রাখা হয়েছে পাকিস্তান ও পোল্যান্ডকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *