দীর্ঘ ৩ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

বাংলাদেশ

বেনাপোলে প্রবেশ করেছে প্রথম চালান, খুচরায় দামে ইতিবাচক প্রভাব

বেনাপোল (যশোর), ১৫ ডিসেম্বর (খবর৫২ ডেস্ক): প্রায় তিন মাস বিরতির পর ভারত থেকে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পেঁয়াজের প্রথম চালান প্রবেশ করে।

এই চালানটি এনেছে সাতক্ষীরার মেসার্স এইচ কে এ এন্টারপ্রাইজ এবং যশোরের মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ। রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল জানান, প্রাথমিকভাবে তিনটি ট্রাকে মোট ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। গত সেপ্টেম্বরে সর্বশেষ মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

দীর্ঘদিন পর আমদানি শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সাথে, আমদানির এই খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমার আশায় রয়েছেন সাধারণ ভোক্তারাও।

সোমবার বেনাপোল কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দেশি মুড়িকাটা পেঁয়াজ কেজিপ্রতি ৫ টাকা কমে ১০৫ টাকায় এবং দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানির খবর প্রকাশিত হওয়ার পর থেকেই মোকাম পর্যায়ে দাম কমতে শুরু করেছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

বেনাপোল উদ্ভিদ সংগ-নিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, তবে তা সীমিত পরিসরে। তিনি বলেন, “প্রতিদিন ২০০ জন আমদানিকারককে আইপি (ইমপোর্ট পারমিট) দেওয়া হচ্ছে এবং একজন আমদানিকারক ৩০ থেকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। আমদানির পরিমাণ আরও বাড়লে বাজারে দাম আরও কমে আসবে।”

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, আমদানিকৃত পেঁয়াজ যেন ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন, সে জন্য বন্দরের সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, বেনাপোল দিয়ে নিয়মিত পেঁয়াজ আমদানি চালু থাকলে দেশের বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে।


আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য নিয়মিত ভিজিট করুন www.khobor52.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *