
বল হাতে একাই ৫ উইকেট নিলেন তাইজুল ইসলাম। তাতে অবশ্য শ্রীলঙ্কার রানের জোয়ারে খুব একা বাধ দেওয়া যায়নি। দ্বিতীয় ইনিংসে তাদের আবারও ব্যাটিংয়ে পাঠাতে বাংলাদেশকে করতে হবে দুইশ’র বেশি রান।
১১৬.৫ ওভারে ৪৫৮ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস। তাতে তাদের লিড দাঁড়িয়েছে ২১১ রানের। অর্থাৎ লঙ্কানদের আবারও ব্যাটিংয়ে পাঠাতে কমপক্ষে ২১১ রান করতে হবে বাংলাদেশকে।
কলম্বোয় তৃতীয় দিন শুক্রবার বাংলাদেশেকে বেশি ভূগিয়েছেন কুসল মেন্ডিস। ৮৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন এই মিডলঅর্ডার। দ্রুত ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে সেঞ্চুরি মিস করেন তিনি।
১৪৪ রান নিয়ে দিন শুরু করা পাতুম নিশাঙ্কা ফেরেন ২৫৪ বলে ১৯ চারে ১৫৮ রান করে। এছাড়া এদিন কামিন্দু মেন্ডিস করেন ৪১ বলে ৩৩ রান।
শেষ ব্যাটার আসিথাকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল। দেশের বাইরে পঞ্চম ও সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে এটি ১৭তম ৫ উইকেট তার।
৮৭ রানে ৩ উইকেট নেন আরেক স্পিনার নাঈম হাসান।
