ট্রাম্পের গাজা ‘শান্তি পরিকল্পনার’ কিছু বিষয়ে সম্মতি জানিয়েছে হামাস

আন্তর্জাতিক

গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনার কিছু অংশ মানতে রাজি হয়েছে। তবে কয়েকটি বিষয়ে এখনও শঙ্কা প্রকাশ করেছে। হামাস বন্দী বিনিময় এবং গাজার ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসনের ধারণা গ্রহণ করার কথা জানিয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আন্তর্জাতিক প্রশাসন এবং ট্রাম্পের ‘শান্তি পরিষদ’ নিয়ে হামাসের আপত্তি আছে। তাদের বক্তব্য, গাজার ভবিষ্যৎ এবং সমগ্র ফিলিস্তিনি সংগ্রামের ফলাফল ফিলিস্তিনিদের ঐকমত্যের ওপর নির্ভর করবে। হামাস চায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও বিস্তৃত ফিলিস্তিনি সমঝোতা হোক।

হামাস স্পষ্ট জানিয়েছে: ‘হ্যাঁ – কিন্তু…’। বিশেষ করে অস্ত্র নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক প্রশাসনের বিষয়ে তারা সন্তুষ্ট নয়। হামাসের মতে, এটি গাজাকে মূল ফিলিস্তিনি উদ্দেশ্য থেকে আলাদা করে।

ওয়াশিংটন থেকে এখনও হামাসের প্রতিক্রিয়ার ওপর সরাসরি মন্তব্য পাওয়া যায়নি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাসকে এই পরিকল্পনা মেনে নিতে হবে, নতুবা ‘পরিণতি মারাত্মক হবে।’

লিভিট আরও বলেন, ‘হামাস এখনও সুযোগ পেয়েছে পরিকল্পনাটি গ্রহণ করে শান্তি ও সমৃদ্ধির পথে এগোতে। তা না হলে ফলাফল দুঃখজনক হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *