টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা কঠিন হয়ে যাচ্ছে

প্রচ্ছদ

বললেন পরিকল্পনা উপদেষ্টা

টাকা ছাপিয়েও আওয়ামী লীগ আমলের দুর্নীতির শিকার ব্যাংকগুলোকে রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে মাহফিল সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে। বর্তমানে ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। সরকার ব্যাংকগুলো রক্ষার চেষ্টা করে যাচ্ছে। এছাড়া হুন্ডির মাধ্যমে টাকা আদান-প্রদান কমেছে, তাই প্রবাসী আয় বেড়েছে। টাকা পাচার কমেছে, সেটা তেমন দৃশ্যমান হচ্ছে না, কারণ ভবিষ্যতের জন্য রোডম্যাপ করতে হবে। এক বছরের পরিকল্পনায় হবে না।’

উপদেষ্টা আরও বলেন, ‘পরিকল্পনা কমিশনের অনিয়ম যতটুকু প্রকাশ করা হবে তত স্বচ্ছতা বাড়বে। আগের সরকার যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড করছিল তাতে অর্থনীতি মুখ থুবড়ে পড়ত। এতে সরকারও টিকে থাকতে পারত না। টাকা ছাপানো, টাকা পাচারের ফলে রিজার্ভ থাকত না। বৈদেশিক লেনদেন ঠিক থাকত না। ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছিল। শেষের দিকে ব্যাংকগুলো খালি হয়ে বন্ধ হয়ে যেত।’

বিদেশি বিনিয়োগের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আসতে চাইবে না। তবে এতকিছুর মধ্যেও রপ্তানি আয় বেড়েছে। জিনিসপত্রের দামও কমেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *