জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন নাবিলা

বিনোদন

উপস্থাপনা, নাটকে অভিনয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা সময় বড় পর্দায় অভিষেক হয় মাসুমা রহমান নাবিলার। প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ মুক্তির তাকে ঘিরে  শুরু হয় আলোচনা। এরপর ছোট পর্দায় বেশ কিছু নাটকে রেখেছেন প্রতিভার স্বাক্ষর।

সেই ধারাবাহিকতায় কবি জীবনানন্দ দাশের কাল্পনিক নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত ‘বনলতা সেন’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন এই অভিনেত্রী। 

সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। গত বছর সরকারি অনুদানে নির্মিত  সিনেমাটি মুক্তি পাওয়া কথা ছিল। তবে দেশের পরিস্থিতি বিবেচনায় মুক্তি পিছিয়ে দেওয়া হয়। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।

তবে সিনেমায় নাবিলার ‘বনলতা সেন’ হয়ে ওঠা নাবিলার জন্য সহজ ছিল না। জানা গেছে, শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নাবিলা সেই প্রস্তাবে রাজি হননি। তিনি নির্মাতাকে স্পষ্টভাবে জানান, বনলতা সেন চরিত্রটিই তিনি করতে চান। এরপর তিন দফা চ্যালেঞ্জিং অডিশনের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে চরিত্রটি বাগিয়ে নেন তিনি।

সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।  

সিনেমাটি নির্মাণে সময় বেশি লাগলেও গুণগত মানের বিষয়ে কোনো আপস করেননি পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা অত্যন্ত দায়বদ্ধতার বিষয়। গবেষণা, প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয়শিল্পী খোঁজার পুরো প্রক্রিয়াই ছিল চ্যালেঞ্জিং।

ঈদের সিনেমার ভিড়ে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘পিনিক’-এর সঙ্গে নাবিলার ‘বনলতা সেন’ কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *