
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। দেশের জনগন ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা দিয়েছে। সরকার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন করবে।
তিনি বলেন, ‘ইতিহাসকে বিকৃতি করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করে। সব ইতিহাস ভুলে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ঈর্ষানিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে।’
বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে আজ শনিবার বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
জ্বালানিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। সেই মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসেই আওয়ামী লীগ চেটেপুটে খেয়ে আরও বড় বৈষম্য তৈরি করেছে।’
বিদ্যুৎ ঘাটতি দুর করার প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে বিদ্যুৎ ঘাটতি দুর করতে আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে । সেই সাথে পুরো দেশে সোলার প্যানেল ছড়িয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে।’
দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল উত্তরাঞ্চলের পাঁচ জেলা। এসব জেলা হলো বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা। এ অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বগুড়া-৬আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেস ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ।
এ ছাড়া সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম,আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল হক তৈয়ব জাকির, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং বগুড়া সদর উজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন স্বনামধন্য অধ্যাপক ও গবেষক অংশ নেন।
