
জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায় ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন। গতকাল রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন। কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানান। জানা গিয়েছে, ২০২৪ সালের ৫ নভেম্বর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে গ্রেপ্তার হন শমী কায়সার। পরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এমনকি গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় জামিন দেন। এছাড়া ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে ‘হত্যাচেষ্টার’ মামলায় তিনি জামিন পান। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোন মামলা না থাকায় কারামুক্ত হয়েছেন শমি কায়সার।
