
রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির অবস্থা আশঙ্কাজনক। গুলি বের করার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে (ওটি)তে নেয়া হয়েছে। তার মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেছেন, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই খারাপ ছিল। পরে ওসমান হাদিকে সিপিআর দেয়া হয়। এতে প্রেসার একটু ভালো হয়। পরে তার মাথার সিটিস্ক্যান করলে কানের পাশে মাথার ভেতরে গুলি রয়েছে বলে দেখা যায়। তাকে নিউরো- সার্জারি বিভাগের ওটিতে নেওয়া হয়েছে। অস্ত্রোপচার চলছে।
এর আগে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হাদির অবস্থা ক্রিটিক্যাল। বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর থেকে এখনো তার জ্ঞান ফেরেনি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার কাজে যোগ দেয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিট ৫৫ সেকেন্ডে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সহকর্মীদের সঙ্গে রিকশাযোগে যাওয়ার সময় খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি মোটরসাইকেলে দুজন মুখে মাস্ক ও হেলমেট পরে এসে হাদিকে গুলি করে পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে। গুলিটি তার কান ভেদ করে মাথারে ভেতরে ঢুকে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের চিকিৎসা চলছে। তবে কী কারণে, কারা তাকে গুলি করেছে তা এখনই বলা যাচ্ছে না।
