এবার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ: লুটপাটে জড়িত কারা?

বাংলাদেশ সিলেটের খবর

খবর ৫২ ডেস্ক:

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫

সিলেটের পর্যটন কেন্দ্রগুলো থেকে পাথর লুটপাটের ঘটনা এবার উৎমাছড়াতেও সামনে এসেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে উৎমাছড়া থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধারণা করা হচ্ছে, গত এক বছরে এই পাথরগুলো লুটপাটের পর মজুদ করা হয়েছিল।

লুটপাট ও অভিযান

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে জমা করছিল। মঙ্গলবার সকালে বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ পাথর জব্দ করে।

একই দিনে জৈন্তাপুর উপজেলার শ্রীপুরেও অভিযান চালিয়ে আনুমানিক ২০ হাজার ঘনফুট পাথর এবং ২৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এর মধ্যে জব্দ করা কিছু পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপন করা হয়েছে।

প্রশাসনের রদবদল

সিলেটে পাথর লুটের এই নজিরবিহীন ঘটনা সামনে আসার পর প্রশাসনের বিরুদ্ধে প্রতিরোধে ব্যর্থতা ও নীরব সহায়তার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সিলেট থেকে জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয় এবং তার স্থলে সারোয়ার আলমকে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকেও বদলি করা হয়েছে। প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে বদলি করা হলেও পরে তা পরিবর্তন করে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়াকে নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়। সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলা ও তদন্ত

পাথর লুটের ঘটনায় ইতিমধ্যে কোম্পানীগঞ্জ থানায় দেড় হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এবং গোয়াইনঘাট থানায় দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা জানিয়েছেন, চোরাকারবারীরা বাংলাদেশ-ভারত সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’ এলাকা থেকে এসব পাথর ও বালু চুরি করেছে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *