আল আকসায় ঈদের নামাজ আদায় করলেন আহত ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক

ফিলিস্তিনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। শুক্রবার স্থানীয় সময় সকালে আল-আকসা মসজিদে ঈদের জামাতে অংশ নেন ইসরাইলি হামলায় আহতরাও।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অনেক শিশুরাও ঈদের নামাজে সমবেত হন।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য শুধু ধর্মীয় স্থানই নয়, এটি তাদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। ঈদুল আজহার দিনে এখানে নামাজ আদায় করা ফিলিস্তিনিদের জন্য ধর্মীয় ও ঐতিহ্যবাহী আচার।

এদিকে গাজায় চলমান যুদ্ধের মধ্যে উপত্যকাটির বাসিন্দারা টানা দ্বিতীয়বারের মতো ঈদুল আজাহা পালন করছেন। ইসরাইলের ধ্বংসযজ্ঞের মধ্যে গাজার বাসিন্দারা ঈদুল আজহা পালন করছেন চরম মানবিক সংকট, অনিশ্চয়তা ও গভীর বেদনার মধ্যদিয়ে।

আল জাজিরা বলছে, ঈদুল আজহার দিনেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকালে খান ইউনিসের পাশাপাশি মধ্য গাজার নুসাইরাতের শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এছাড়া গাজা শহরের পূর্বে অবস্থিত তুফাহ পাড়ায়ও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এসব হামলায় অনেকে হতাহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *