আমি নির্দোষ কোনো অপরাধ করিনি: পলক

বাংলাদেশ

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন। বুধবার(২৫ জুন) জুলাই অভ্যুত্থান-কেন্দ্রিক একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। একই সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আদালতে হাসিখুশি দেখা গেছে।

সকালে ঢাকার আদালতে হাজির করার সময় পলক সাংবাদিকদের বলেন, “আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি।”

তিনি আরও জানান, তিনি আদালতের ভেতরে বই পড়ে সময় কাটাচ্ছেন। সকাল ১০টা ৩৬ মিনিটে পলককে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হ্যান্ডকাফ পরিয়ে আদালতে আনা হয়। কাঠগড়ায় নেওয়ার পর তার হেলমেট ও হ্যান্ডকাফ খুলে দেওয়া হয়। এ সময় তিনি টি-শার্ট ও ব্যাকপেইন নিরাময়ের জন্য একটি বেল্ট পরে ছিলেন।

পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় জানান, তিনি কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন এবং থেরাপির সুযোগ পাচ্ছেন না। তার আইনজীবী রাখিও এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অন্যদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আজ আদালতে বেশ হাসিখুশি দেখা গেছে। যদিও তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। কড়া নিরাপত্তায় আদালতে আনা-নেওয়ার সময় ইনুকে দেখে কিছু লোক তার বিরুদ্ধে স্লোগান দিলেও তিনি মুচকি হাসতে থাকেন।

হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলককে পশ্চিম রামপুরার রমজান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযোগ, গত ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে আসামিদের গুলিতে রমজান মিয়ার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *