খবর ৫২ নিউজ
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫

৩ দফা দাবি নিয়ে আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১২টার পর বুয়েট ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রথমে শাহবাগে আসেন এবং সড়ক অবরোধ করেন। পরে মিছিলটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাছে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে অবস্থান নেয়।
আন্দোলনকারীরা রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা জানিয়েছেন, তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস না পেলে তারা স্থান ত্যাগ করবেন না।
এই আন্দোলনের সূত্রপাত হয় ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা ইস্যুকে কেন্দ্র করে। এ বিষয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া আরেক শিক্ষার্থী হুমকি দেন। এর প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীরা ৩ দফা দাবি নিয়ে রাস্তায় নামেন এবং হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো:
১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ১০০ শতাংশ কোটা বাতিল করে তা সবার জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করা যাবে না এবং যদি কেউ এটি ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
