৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি ৮.২৯%, খাদ্য খাতে বাড়লো

অর্থনীতি

খবর ৫২ ডেস্ক

সার্বিক মূল্যস্ফীতি আবারও কমলো, তবে খাদ্য খাতে বেড়েছে মূল্যস্ফীতির হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্ট মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা গত জুলাই মাসের ৮.৫৫ শতাংশ থেকে কিছুটা কম। এটি গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার।

২০২৪ সালের আগস্ট মাসের এই হার গত বছর একই সময়ের চেয়ে কম। ২০২৪ সালের আগস্ট মাসে মূল্যস্ফীতি ছিল ১০.৪৯ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৮.২৯ শতাংশ মূল্যস্ফীতির অর্থ হলো, ২০২৪ সালের আগস্ট মাসে ১০০ টাকায় যে পণ্য বা সেবা পাওয়া যেত, তা ২০২৫ সালের আগস্টে কিনতে ১০৮ টাকা ২৯ পয়সা খরচ করতে হয়েছে।

তবে সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়েছে। জুলাই মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৭.৫৬ শতাংশ, যা আগস্ট মাসে বেড়ে দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগস্ট মাসে কমে ৮.৯০ শতাংশ হয়েছে, যা জুলাই মাসে ছিল ৯.৩৮ শতাংশ।

এছাড়া গ্রামীণ ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি কমেছে। গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ের ৮.৫৫ শতাংশ থেকে কমে আগস্ট মাসে ৮.৩৯ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে এটি জুলাইয়ের ৮.৯৫ শতাংশ থেকে কমে আগস্ট মাসে ৮.২৪ শতাংশে দাঁড়িয়েছে।

বর্তমান সরকার চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের উচ্চ হার ধরে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *