
সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করে দ্বিতীয় দিনে ১ উইকেটে ৩৩৮ রান করে বড় লিডের পথে বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার ৯০ ওভারে ৮ উইকেটে ২৭০ রান করে আয়ারল্যান্ড। আজ বুধবার দ্বিতীয় দিনে আর মাত্র ১৬ রান করতেই ২ উইকেট হারিয়ে ইনিংস গুটায়। আইরিশদের ২৮৬ রানে অলআউট করায় ৩ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও অভিষিক্ত হাসান মুরাদ।
জবাবে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৪১.১ ওভারে ১৬৮ রানের জুটি গড়েন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক।
ফিফটি তুলে নিয়ে দুজনেই সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু ৯টি চার আর এক ছক্কায় ৮০ রান করে ২০ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাদমান ইসলাম অনিক।
এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন মাহমুদুল হাসান জয়।
এই জুটি গড়ার পথেই টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান মাহমুদুল হাসান জয়। তিনি ২৮৩ বলে ১৪টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১৬৯ রান করে অপরাজিত আছেন।
১২৪ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৮০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক সৌরভ।
