১৫ বছর পর জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব

বিনোদন

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তবে এই সংগীতশিল্পী পৈতৃক ভিটা মুন্সীগঞ্জে। সেই জেলাতেই এবার গাইবেন তিনি। একই অনুষ্ঠানে তার সঙ্গে গাইবেন বাবা ফেরদৌস ওয়াহিদও। আগামী শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার বটতলা মাঠে অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট। যেখানে অংশ নেবেন একঝাঁক শিল্পী। এর মধ্যে মূল আকর্ষণ হাবিব ওয়াহিদ ও খুরশীদ আলম। অভিনেতা ওমর সানী থাকবেন বলে জানা গেছে।

হাবিব ওয়াহিদ বলেন, ‘গান রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকতে হয়। এ কারণে গ্রামে যাওয়ার খুব একটা হয় না। দীর্ঘ ১৫ বছর পর গান শোনাতে নিজ গ্রাম মুন্সীগঞ্জে যাচ্ছি। যুব সমাজের উদ্যোগে এ আয়োজন হবে। প্রিয় মানুষদের গান শোনাব, এটা ভাবতেই ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘এই কনসার্টে বাবাও থাকবেন। বাবার সঙ্গে গান গাওয়ার আনন্দটাই আলাদা। সেটা খুব উপভোগ করি। আমার শ্রোতাপ্রিয় গানগুলো গাওয়ার চেষ্টা করব। আশা করি, দর্শকদের জমজমাট একটি গানের আসর উপহার দিতে পারব।’

বলা দরকার, সম্প্রতি হাবিব বেশ কিছু মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। এগুলো ধীরে ধীরে প্রকাশ হবে। এ ছাড়া ফেরদৌস ওয়াহিদের উপস্থাপনায় অংশ নিয়েছেন একটি টিভি আয়োজনে। যা শিগগিরই প্রচার হবে চ্যানেল আই’তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *