
ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও । দু’দেশের মধ্যে সংঘর্ষ বিরতি সমঝোতা হলেও মঙ্গলবার এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর তরফে একাধিক বিমান বাতিল করা হয়েছে।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতি বিচার করে মঙ্গলবার, ১৩ মে বেশ কয়েকটি জায়গা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতির উপরে আমাদের নজর রয়েছে। পরবর্তী আপডেট জানানো হবে।’
ইন্ডিগোর তরফেও বিমান বাতিল নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে তারা লিখেছে, বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার জম্মু, শ্রীনগর, অমৃতসর, চণ্ডীগড় সহ অনেক সীমান্তবর্তী শহরে ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটের একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
একই সাথে, ইন্ডিগো জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে। উল্লেখ্য সোমবারই, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) ৩২টি বিমানবন্দর পুনরায় চালু করার ঘোষণা করেছে। সূত্র: টিওআই।
