স্ত্রী ‘সবুজ সংকেত’ দিলেই বার্সেলোনার সঙ্গে চুক্তি করবেন তিনি

খেলা

বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনার কাছ থেকে প্রস্তাব এসেছে। কাতালান ক্লাবটির হয়ে খেলা চালিয়ে যেতে আপত্তি নেই তার। এখন শুধুই স্ত্রীর সবুজ সংকেতের অপেক্ষা!

অবসর ভেঙ্গে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন পোলিশ গোলকিপার ভয়চেখ শেজনি। সদ্য সমাপ্ত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তবে বার্সার সঙ্গে তার চুক্তি ছিল এই মৌসুমের শেষ পর্যন্ত-ই। এখন ৩৫ বছরের এই গোলকিপারকে আরও কিছুটা সময়ের জন্য ধরে রাখার আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা।

ক্লাবটির প্রস্তাবে শেজনির আপত্তি নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন স্ত্রীর দিকে তাকিয়ে এই পোলিশ গোলকিপার।

কাতালান গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার বাড়ির অধিকাংশ সিদ্ধান্ত আমার স্ত্রী নেন এবং আমি সেটা নিয়ে মোটেও লজ্জিত নই। ফুটবল-সম্পর্কিত সিদ্ধান্তগুলো বেশিরভাগ আমি নিই, কিন্তু এই পরিস্থিতি ভিন্ন। আমরা পরিকল্পনা করেছিলাম এক বছরের জন্য এখানে এসে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করব, তারপর আবার গলফ খেলায় ফিরে যাব।’

ক্লাবের পক্ষ থেকে তাকে এবারে ২ বছরের  চুক্তির প্রস্তাবনা দেয়া হয়েছে। শেজনি যদিও সময় চেয়েছেন পরিবারের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানানোর জন্য। বার্সেলোনাও সেই অনুরোধ রেখেছে।

এদিকে মৌসুম শেষ হতে না হতেই পরের মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে বার্সেলোনা। ইতোমধ্যে এস্পানিওল থেকে হুয়ান গার্সিয়াকে দলে নেওয়ার জন্য আলোচনা শুরু করেছে। ধারণা করা হচ্ছে, শেজনি যদি কোনো কারণে নতুন চুক্তির প্রস্তাব গ্রহণ না করেন, তাহলে গার্সিয়াকেই দলে টানবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *