৮ অক্টোবর ২০২৫, ঢাকা: ‘উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছেন’—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘‘নাহিদ ইসলাম কেন, কোন কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করবো?’’
বুধবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এবং নাহিদ ইসলামকেই বিষয়টি পরিষ্কার করার তাগিদ দেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘‘আমি যেটুকু দেখতে পাই খোলা চোখে সেটা হলো—সকল রাজনৈতিক দলের মতো এই নবগঠিত রাজনৈতিক দলের (এনসিপি) সঙ্গে সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে।’’
তিনি তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ‘‘এটা উনি অভিমান থেকে বলেছেন, নাকি আসলে কোনো একটা ব্যাপারে ওনার গ্রিভেন্স আছে—এই বিষয়গুলো পরিষ্কার ওনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন, তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে। তার আগে সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই।’’
গতকাল মঙ্গলবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, ‘‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবতেছেন।’’
