সিলেটের জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশী যুবককে হত্যা

বাংলাদেশ সিলেটের খবর

ভারতীয় উগ্র খাসিয়ারা গুলি করে বাংলাদেশী এক যুবককে হত্যা করছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জকিগঞ্জ সীমান্তের বিজিবির ১৯ ব্যাটালিয়নের আওতাভুক্ত এলাকায় ঘটনাটি ঘটে।

মৃত ব্যক্তির নাম শাহেদ মিয়া (২৫)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার পুত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক, পিএসসি।

স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের বরাত দিয়ে বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জকিগঞ্জ সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। সেখানে স্থানীয় চোরাকারবারি খাসিয়াদের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন। ঝগড়ার এক পর্যায়ে শাহেদকে হত্যা করে উগ্র খাসিয়ারা।

বিজিবি জানায়, জকিগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশী এক যুবকের লাশ পড়ে থাকার বিষয়টি বিএসএফকে অবগত করে বিজিবি। বিএসএফের পাঠানো ছবি দেখে পরিবার নিশ্চিত করেছে লাশটি শাহেদের। লাশ দেশে আনতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক। তিনি জানান কিভাবে শাহেদকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *