সিরিজ হারকে ‘জীবনের অংশ’ বললেন লিটন

খেলা

এমন কিছুর কথা সপ্তাহখানেক আগেও নিশ্চয়ই ভাবেননি লিটন দাস। ভাবার অবশ্য সুযোগও ছিল না, তখনো যে সিরিজটা ছিল দুই ম্যাচের। পাকিস্তান সিরিজ পিছিয়ে যাওয়ায় শারজায় এক ম্যাচ বাড়িয়ে আমিরাতের বিপক্ষে সিরিজটা করা হয় তিন ম্যাচের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারার পর কাল সেই বাড়তি ম্যাচটাও হেরে বাংলাদেশ আমিরাতের কাছে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই এমন লজ্জার মুখে পড়তে হলো লিটন দাসকে।

যুক্তরাষ্ট্রের পর এ নিয়ে দ্বিতীয়বার কোনো সহযোগী সদস্য দেশের কাছে টি-টোয়েন্টিতে সিরিজ হারল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হারার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক সিরিজ নিয়ে নিজের মূল্যায়ন জানিয়ে বলেছেন, ‘যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাঁদের কৃতিত্ব দিতে হবে।’

দ্বিতীয় ম্যাচে ২০৫ রান করেও হেরে গিয়েছিল বাংলাদেশ। কাল অবশ্য ৮৪ রানেই তারা ৮ উইকেট হারিয়ে ফেলে। পরে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান করলেও হার এড়াতে পারেনি তারা। সবগুলো ম্যাচেই টস হেরে বাংলাদেশকে আগে ব্যাট করতে হয়েছে, সিরিজ হারের পর সেটাও সামনে এনেছেন লিটন।

তিনি বলেছেন, ‘আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট, কন্ডিশনে করতে চাইনি। তিন ম্যাচেই আমরা পরে ব্যাট করেছি, শিশিরই মেইন ফ্যাক্টর ছিল।’

এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জিতেছে আরব আমিরাত। আগেরটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে। সিরিজ জেতায় আমিরাতকে কৃতিত্ব দিলেও আগের ম্যাচের মতো লিটন কালও বলেছেন শিশিরের প্রভাবের কথা, ‘তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা তেমন আতঙ্কিত হয়নি, তাঁদের কৃতিত্ব দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *