
ব্যাট হাতে ব্যর্থতার পর এক ওভার বোলিং করে উইকেটশূন্য। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) বোরের আসরে শুরুটা ভালো হলো না সাকিব আল হাসানের। জিততে পারল না তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসও।
সিপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে ৬ উইকেটে হারিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
সাকিব ১৬ বলে ১১ রান করে আউট হওয়ার পর বল হাতে স্রেফ এক ওভার করে উইকেটশূন্য থাকেন ছয় রান দিয়ে।
দুই মৌসুম পর এবার সিপিএলে খেলছেন সাকিব। আগে তিন মৌসুমে খেলেছেন তিনি বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে, দুই মৌসুম জ্যামাইকা তালাহওয়াসে ও সবশেষ ২০২২ আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নামা অ্যান্টিগা গুটিয়ে যায় স্রেফ ১২১ রানেই। দলের অর্ধেকের বেশি রান একাই করেন কারিমা গোরে। যুক্তরাষ্ট্রের এই অলরাউন্ডার ৩৪ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান।
দলের আর কোনো ব্যাটসম্যান ১২ রানের বেশি করতে পারেননি।
আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সালামখেইল ম্যাচের সেরা হন ২২ রানে ৪ উইকেট নিয়ে। দুটি করে উইকেট নেন তার স্বদেশি ফাজালহাক ফারুকি ও পাকিস্তানি পেসার নাসিম শাহ।
রান তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে। ওপেনিংয়ে এভিন লুইস ২৫ রান করেন ১৩ বলে। আন্দ্রে ফ্লেচার (২৬ বলে ১৯) ও রাইলি রুশো (০) ভালো করতে পারেননি। কাইল মেয়ার্স ফিরে যান ৮ বলে ১৫ করে। তবু জিততে সমস্যা হয়নি তাদের। আলিক আথানেজ অপরাজিত থাকেন ২৮ বলে ৩৭ করে, জেসন হোল্ডার করেন ১৪ বলে ১৮।
অ্যান্টিগার হয়ে কর্নওয়াল ২ উইকেট নেন। একটি করে নেন ওবেড ম্যাককয় ও এএম গাজানফার।
বাংলাদেশ সময় রোববার ভোর ৫টায় সাকিবদের পরের ম্যাচ।
