সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে দেশে আসলেন শামিত সোম

খেলা

জাতীয় ফুটবল দলে ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের মধ্যে দুইজন—ফাহামিদুল ইসলাম ও হামজা চৌধুরী—আগেই অনুশীলনে যোগ দিয়েছিলেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন আরেক প্রবাসী তারকা শামিত সোম।

বুধবার (৬ জুন) ভোর ৫টায় কানাডা থেকে ঢাকায় পৌঁছান শামিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি দলের সঙ্গে যুক্ত হন। আজ সন্ধ্যায় ভুটানের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি মূলত সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রস্তুতির অংশ।

তবে দীর্ঘ ভ্রমণ শেষে এসেই মাঠে নামছেন না শামিত। ভুটানের বিপক্ষে ম্যাচে তিনি থাকবেন বেঞ্চে। বিশ্রাম শেষে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু হলে তাতে অংশ নেবেন এই কানাডা প্রবাসী মিডফিল্ডার।

শামিত সোম বাংলাদেশের ইতিহাসে প্রথম ফুটবলার, যিনি অন্য একটি দেশের জাতীয় দলের হয়ে খেলেছেন। তিনি কানাডার জাতীয় দলের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে এখন থেকে লাল-সবুজ জার্সায়ই প্রতিনিধিত্ব করবেন তিনি।

সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াডে শামিতসহ ছয়জন প্রবাসী ফুটবলার জায়গা পেয়েছেন। বাকি পাঁচজন হলেন—হামজা চৌধুরী (ইংল্যান্ড), ফাহামিদুল ইসলাম (যুক্তরাষ্ট্র), জামাল ভূঁইয়া (ডেনমার্ক), তারিক কাজী (ফিনল্যান্ড) এবং সৈয়দ কাজেম কিরমানী (কানাডা)।

জাতীয় দলের প্রতি এই প্রবাসী ফুটবলারদের আগ্রহ এবং অংশগ্রহণ বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক এক বার্তা হিসেবে ধরা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *