সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের পারিবারিক বাসভবনে হামলা ও আগুন

জাতীয় রাজনীতি শিরোনাম

চট্টগ্রাম নগরের চশমা হিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পারিবারিক বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।

বাসভবনটি প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাড়ি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সেখানে নিরাপত্তাকর্মী ছাড়া পরিবারের কেউ থাকেন না বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘রাত দুইটার দিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে এসে আগুন ধরানোর চেষ্টা করে। পরে পাইপলাইনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সামনে আনেন মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী। তিনি লেখেন, ‘আজ আবারও আমার প্রয়াত পিতা, জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আমাদের বাড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি বাড়ির ওপর হামলা নয়, এটি একটি পরিবারের নিরাপত্তার ওপর আঘাত, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত এবং আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা।’

পোস্টে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

বোরহানুল হাসান চৌধুরীর পোস্টে সংযুক্ত তিনটি ছবিতে দেখা যায়, বাড়ির সামনের সড়কে কয়েকজন ব্যক্তি জড়ো হয়েছেন। একটি ছবিতে একজনকে সীমানাপ্রাচীর বেয়ে ভবনের দ্বিতীয় তলার সানশেডের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে তাঁকে দেয়ালের ওপর দিয়ে ফিরে আসতে দেখা যায়। এ সময় তাঁর পেছনে আগুন জ্বলছিল।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের একটি অংশের ধারণা, এর জের ধরেই তার পারিবারিক বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করা হয়নি।

একই দিনে মাগুরায় সাবেক জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *