সড়কে মৃত্যুর মিছিল, এপ্রিলে ঝরল ৫৮৮ প্রাণ

বাংলাদেশ শিরোনাম

এপ্রিল মাসজুড়ে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৫৯৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৮৮ জন। আহত হয়েছেন আরও ১১২৪ জন। সড়কে ঝরে যাওয়া এই প্রাণের মিছিলে রয়েছে ৮৬ জন নারী ও ৭৮ জন শিশু। রোববার সকালে রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন পোর্টাল এবং বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনাতেই ২২৯ জন প্রাণ হারিয়েছেন, যার সংখ্যা মোট নিহতের প্রায় ৪০ শতাংশ। ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া, ৭টি নৌ-দুর্ঘটনায় নিহত ৮ জন, আহত ৪ জন এবং ২২টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪ জন, আহত ৬ জন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিভাগে সর্বাধিক ১৭৩টি দুর্ঘটনায় ১৫৪ জন নিহত হয়েছেন। রংপুর বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। জেলা হিসেবে চট্টগ্রামে ৩৫টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন। নীলফামারী জেলায় দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি হয়নি। রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

সুপারিশ হিসেবে দক্ষ চালক তৈরি, চালকদের বেতন-কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, পরিবহণ মালিক-শ্রমিক ও পথচারীদের ট্রাফিক আইন মানার বাধ্যবাধকতা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ এবং আলাদা সার্ভিস রোড তৈরি, মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ এবং সড়ক পরিবহণ আইন-২০১৮ কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

দুর্ঘটনা পর্যালোচনায় বলা হয়েছে, গত মার্চ মাসে ৫৮৭টি দুর্ঘটনায় ৬০৪ জন নিহত হয়েছিলেন। প্রতিদিন গড়ে ১৯ দশমিক ৪৮ জন নিহত হলেও এপ্রিল মাসে এ সংখ্যা ১৯ দশমিক ৬ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ, প্রাণহানি কমার লক্ষণ নেই। অধিকাংশ দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতির কারণে। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিগত নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ জরুরি।

এছাড়া পেশাগত সুযোগ-সুবিধার অভাবে যানবাহন চালকরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের পেশাগত সুবিধা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *