সংগ্রাম শেষ হয়নি, সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

প্রচ্ছদ রাজনীতি শিরোনাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের সংগ্রাম শেষ হয়নি। আমাদের সেই গণতান্ত্রিক উত্তরণ এখনো হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। সেজন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে কাজ করতে হবে, দলকে আরও সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

গতকাল রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দলের ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গত ২৫ ফেব্রুয়ারি ধানমন্ডির বাসায় আবদুল্লাহ আল নোমান মারা যান। দেশে কেমন একটা অস্থিরতা চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন, পত্রপত্রিকা, টেলিভিশন, টকশো সব কিছু দেখছেন, কেমন একটা অস্থিরতা চলছে বেশ। কতগুলো নির্ধারিত বিষয়কে অনির্ধারিত করে ফেলেছি, অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি বলেন, আজকে সংস্কার, নির্বাচন এই কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছে।এই বিষয়গুলো আমরা মনে করি, সকলের উচিত হবে, সকল রাজনৈতিক দল-গোষ্ঠি সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্য্যরে সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের এখানে নজরুল ইসলাম খান ভাই (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) আছেন তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে, আলোচনার মাধ্যমে সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহনযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্ব পাবো।

মরহুম নেতা আবদুল্লাহ নোমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার অনুসরণীয় পথে শ্রমিক দলের নেতা-কর্মীদের চলার আহ্বান জানান মির্জা ফখরুল।
ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারীরা গণতন্ত্রের পক্ষে না উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল কর্মী প্রাইম বিশ্ববিদ্যালয়ের মো. জাহেদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না। তবে একথা নিঃসন্দেহে বলা যায়, যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা বাংলাদেশের এই পরিবর্তনে, আন্দোলনের সঙ্গে কোনো মতেই সংযুক্ত ছিলো না। যারা আজকে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনই বাংলাদেশের পক্ষের মানুষ নন। তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন। তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন।

শ্রমিকদের সংস্কার কোথায়? প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, এতো সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের কথা তো কোথাও শুনতে পারছি না। আমাদের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের কথা আছে কিন্তু এই সংস্কার কমিশনের মধ্যে এ নিয়ে কি আছে আমি জানি না। কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পায় না, পানি পায় না যখন পানির প্রয়োজন হয় সেচের জন্য, তাদের (শ্রমিকদের) সমস্যার সমাধান হয় না, শ্রমিকদের সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, স্কুলে গেলেও বেই পায় না, সেই কথাগুলো আলোচনা হয় না। অথচ এরাই হচ্ছে দেশের বড় অংশ।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু‘র সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। এসময় মরহুম নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *