
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রীড়াঙ্গনে। খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে ঘরোয়া টুর্নামেন্টগুলোর ম্যাচ স্থগিত রাখার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকালের বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচ দু’টি স্থগিত করা হয়েছে। বাফুফে স্থগিত করে গতকালের ফেডারেশন কাপের সবগুলো ম্যাচ। এ ছাড়া, খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, দাবা, তায়কোয়ান্দো ফেডারেশন, টেবিল টেনিস, হকি ফেডারেশন। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদগণ অন্যান্য ফেডারেশন ও এসোসিয়েশন।
সূচি অনুযায়ী, গতকাল দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। সন্ধ্যা ৬টায় ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ। ম্যাচ দু’টি আগামীকাল অনুষ্ঠিত হবে। এক শোকবার্তায় বিসিবি লিখে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তার সময়ে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন।’ শোকবার্তায় বাফুফে জানায়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের রাজনীতিতে তিনি অসাধারণ এক ব্যক্তিত্ব ছিলেন। রাজনীতিতে তার অবদান দেশের ইতিহাসে অমর হয়ে থাকবে।’ সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শোক জানিয়ে বাফুফে আজ ফেডারেশন কাপের চারটি ম্যাচ স্থগিত করেছে। নোয়াখালীতে গতকাল অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল। সেই ফাইনালও স্থগিত করে বরিশাল ও বিকেএসপিকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছে বাফুফে। শুধু তাই নয়, হয়নি নারী ফুটবল লীগের গতকালের ম্যাচগুলোও। কমলাপুর স্টেডিয়ামে গতকাল তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল; বাংলাদেশ আনসার ও ভিডিপি-সদ্য পুস্করিনী যুব স্পোর্টিং, কাছারিপাড়া-সিরাজ স্মৃতি সংঘ, ঢাকা রেঞ্জার্স-ফরাশগঞ্জ। বাফুফে পরে এই ম্যাচগুলোর সূচি প্রকাশ করবে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আজকের (গতকাল) সব আয়োজনই স্থগিত করা হয়েছে। আগামীকাল (আজ) খেলা শুরু হবে কি না, এখনই বলা যাচ্ছে না। বেগম জিয়ার জানাজা হওয়ার কথা আগামীকাল (আজ)। খেলা আবার কখন শুরু হবে বাফুফে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’ খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় চ্যাম্পিয়নশিপ কাবাডি স্থগিত করেছে কাবাডি ফেডারেশন। এক বিজ্ঞপ্তিতে কাবাডি ফেডারেশন জানায়, চলমান জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর আজকের (গতকাল) নির্ধারিত সেমিফাইনাল ম্যাচসমূহ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন তারিখ ও সময় অতি শিগগিরই ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে। এ ছাড়া, বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তার মৃত্যুতে শোক জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে লিখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। এই শোকের মুহূর্তে তার পরিবার, প্রিয়জন এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে লিখেন, ‘মহান আল্লাহ্তায়ালা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে লিখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারালো এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ্ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ্তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’ দেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, তার স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ্ উত্তম প্রতিদান দেবেন।’ সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে ‘মি. ডিপেন্ডেবল’খ্যাত মুশফিকুর রহিম লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহতায়ালা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’ জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহতায়ালা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’ এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেইসঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আজকের দু’টি ম্যাচ স্থগিত করা হয়েছে। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, তপু বর্মণসহ আরও অনেকে শোক প্রকাশ করেন। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব)।
