
লাহোরে চলছে বাংলাদেশ ও পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর মধ্যে দুটি ম্যাচ খেলে সিরিজ খুইয়ে বসেছেন লিটন-শান্তরা। আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ। ম্যাচটি লাহোরে অনুষ্ঠিত হবে রাত ৯টায়। তার আগে পিসিবির সৌজন্যে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে লিটনদের গালা ডিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। আয়োজন করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এ গালা ডিনারে অতিথি বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানে টাইগারদের ব্যাট-বল হাতে সময় কঠিন কাটলেও আতিথেয়তায় নেই কোনো কমতি। এবার মনে রাখার মতো এক রাত কাটালেন জাকের-সাকিবরা।
শুধু বাংলাদেশ দলই নয়, পিসিবিপ্রধানের এই আয়োজনে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরাও। স্বয়ং রাষ্ট্রপতি উপস্থিত হয়ে আলোকিত করেছেন অনুষ্ঠান। রাষ্ট্রীয় অতিথির মর্যাদা পেয়ে উচ্ছ্বাস ছিল লিটন দাসের দলের চোখেমুখে।
বাংলাদেশ দলের পাকিস্তান সফর পাকিস্তানের কাছে ভীষণ কার্যকরী। রাষ্ট্রপতির সঙ্গে টাইগারদের নৈশভোজ অবাক করলেও বিষয়টি তাই অস্বাভাবিক নয়। ভারত-পাকিস্তান সম্পর্কের জেরে পাকিস্তানে যেসব ঘটনা ঘটে গেছে গত মাসে, তাতে অনেক বিদেশি ক্রিকেটারের কাছে ভেন্যু হিসেবে পাকিস্তানের গ্রহণযোগ্যতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছিল। অনেকে পিএসএল খেলতে আর পাকিস্তানে ফেরেননি। তবে পাক-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ নির্বিঘ্নে চলায় ক্রিকেটমহলে স্বস্তির প্রকাশ ঘটেছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাওয়ায় নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বেড়েছে। যদিও বাংলাদেশের ক্রিকেটারদের অনুরোধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ কমিয়ে আনা হয় তিনটিতে। ইতোমধ্যে দুটি ম্যাচ জিতে পাকিস্তান জাতীয় দল নিশ্চিত করেছে সিরিজ জয়। সিরিজ হেরে গেলেও আজ হার এড়ানোর চেষ্টা করবেন টাইগাররা।
