
গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে আবাসিক বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় গত রাতভর দুই শিশু ও এক নারীসহ কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওয়াফা নিউজ এজেন্সির বরাতে টিআরটি গ্লোবাল এ খবর জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর গাজার তেল আল-জাতার এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় ১১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। তাদের মধ্যে দুই শিশু এবং একজন নারী রয়েছে। একই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
আরেকটি পৃথক হামলায়, খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা হামলায় একই পরিবারের ১০ জন নিহত হন। এ হামলায় আহতদের গাজা ইউরোপীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইতোমধ্যে গাজাজুড়ে ইসরায়েলি বর্বর আক্রমণ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর বাহিনী পূর্ব গাজা সিটিতে আবাসিক ভবনগুলো ভেঙে দিয়েছে।
টিআরটি গ্লোবাল জানিয়েছে, খান ইউনিসের আল-ইতিসাম স্টেডিয়ামের কাছে অবস্থিত আবু আকার পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাবালিয়ায় একদল বেসামরিক নাগরিককে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় আরও একজন যুবক নিহত হয়েছেন।
এছাড়া গত রাতে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
