রাঠির এবার ৫ বলে ৫ উইকেট!

খেলা

আইপিএলে নিজের প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্সের পাশাপাশি নেতিবাচক আচরণের কারণে আলোচনায় আসা দিগ্বেশ রাঠি এবার গড়লেন দারুণ এক কীর্তি। স্থানী এক টি-টোয়েন্টি ম্যাচে টানা ৫ বলে ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার!

রাঠির আইপিএল দল লাক্ষ্নৌ সুপার জায়ান্টস সোমবার তার ওই বোলিংয়ের ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফ্র্যাঞ্চাইজিটির মালিক সাঞ্জিব গোয়েঙ্কাও সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, “স্থানীয় টি-টোয়েন্টি ম্যাচে দিগ্বেশ রাঠির পাঁচ বলে ৫ উইকেট নেওয়ার এই ক্লিপ দেখে আমি হতবাক হয়ে গেলাম। যে প্রতিভা ২০২৫ সালের আইপিএলে লাক্ষ্নৌর হয়ে তাকে একজন তারকা করে তুলেছিল, তার এক ঝলক।”

ভিডিও ক্লিপে দেখা যায়, ওভারের প্রথম চার বলে প্রতিপক্ষের চার ব্যাটারকে বোল্ড করে দেন রাঠি। পঞ্চম শিকারটি ধরেন এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে। সেই সঙ্গে শেষ হয় প্রতিপক্ষের ইনিংস। এটি ছিল রাঠির কোটার শেষ ওভার। আগের দিন ওভারে ২৮ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।

শেষ ওভারটি যখন করতে আসেন তখন প্রতিপক্ষের দরকার ছিল ৩৬ বলে ৫ উইকেটে ১১৩ রান। প্রথম ৫ বলেই ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের ইতি টেনে দেন এই ডানহাতি স্পিনার।

এবারের আইপিএলে উইকেট নেওয়ার পর নোটবুক উদযাপনের কারণে নজরে আরেস রাঠি। উদযাপনের বাড়াবাড়ির জন্য তাকে শাস্তিও পেতে হয় কয়েকবার। এক আসরে তিনবার আচরণবিধি ভঙ্গ করে তিনবার জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছিলেন তিনি।

লাক্ষ্নৌ প্লে-অফে উঠতে না পারলেও আসরে দলটির হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নেন রাঠি ১৩ ম্যাচে ওভারপ্রতি ৮.২৫ করে রান দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *