যৌন হয়রানির অভিযোগ, কারাগারে পাঠানো হল ঢাবি অধ্যাপক এরশাদকে

বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় করা মামলা করা হয়েছিল।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

এর আগে এদিন আসামি এরশাদকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান মিলন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন চান। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে শেওড়া পাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাকে হেফাজতে নেয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী এক ছাত্র মিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বলা হয়, ছাত্রদের বাসায় নিয়ে ঢাবি রসায়ন বিভাগের এ অধ্যাপক যৌন হয়রানিসহ মারধর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *