
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যে লোকটি জীবন দান করেছেন,দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সে পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে,এটা অত্যন্ত মর্মান্তিক। যারা এ আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন,রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এ বিষয় গুলো আরও খবর নেয়া উচিত ছিল। তারা তো একক দাবিদার মনে করছে, তারা আজকে নেই কেন?’ শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, অনেক কথা শুনি মানবিক করিডর দেয়া হবে, পরে শোনা গেলো যে দেওয়া হবে না,একেকজন উপদেষ্টা একেক কথা বলেন। এই যে এতো কথা বলছেন,এতো কাজের ফিরিস্তি শোনাচ্ছেন কিন্তু যাদের রক্তের উপর আপনারা দাঁড়িয়ে অন্তরবর্তী সরকার, আরও যারা অত্যন্ত ক্ষমতাশালী মনে করছেন, যারা নতুল দল গঠন করেছেন,যারা ডিসি-এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আজকে আরমান মোল্লার ছেলে এতিমখানায় থাকতে হয়? সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাড়ানো। বিএনপি ক্ষমতায় আসলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নিবে। আরমান মোল্লার পুরো দায়িত্ব “আমরা বিএনপি পরিবার” নিয়েছে বলে তিনি জানান।
এসময়, আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।
