খবর৫২ডটকম স্পোর্টস ডেস্ক | ১ মে ২০২৫
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল বর্তমানে ফুটবলবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র ১৭ বছর বয়সেই ইউরো ২০২৪-এ স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এবং বার্সার হয়ে ১০০তম ম্যাচে ২২তম গোল করে, তিনি ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লাবের মূল খেলোয়াড় হিসেবে।
বার্সা ও ইন্টার মিলানের মধ্যকার উত্তেজনাপূর্ণ ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে ইয়ামালের অসাধারণ পারফরম্যান্স বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। যদিও ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ইন্টারের ডেনজেল ডামফ্রিস, তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইয়ামালই।
প্রথমার্ধেই ইন্টার যখন ২-০ গোলে এগিয়ে, তখন ইয়ামালের জাদুকরী ফুটবল বার্সাকে ফিরিয়ে আনে খেলায়। এই ম্যাচে ছিল তার ১০০তম বার্সা জার্সির ম্যাচ, যেখানে তিনি করেছেন ২২তম গোল। এই পরিসংখ্যানই তুলনা এনে দিয়েছে ফুটবল কিংবদন্তিদের সঙ্গে। যেখানে লিওনেল মেসি ১৭ বছর বয়সে নয় ম্যাচে এক গোল এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ১৮ বছর বয়সের আগেই ১৯ ম্যাচে করেছিলেন মাত্র পাঁচ গোল।
তবে নিজেকে মেসি বা রোনালদোর সঙ্গে তুলনার চেয়ে মাঠে নিজের পারফরম্যান্সে মনোযোগী ইয়ামাল। তিনি বলেন, “আমি চাই নিজের খেলার মান উন্নত করতে, তুলনায় নয়।”
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এবং ইউরো ২০২৪-এর গ্রীষ্মকালীন টুর্নামেন্টেও ইয়ামালের দুর্দান্ত গোল ও উপস্থিতি তাকে বিশ্বের সেরা তরুণ প্রতিভাদের কাতারে নিয়ে এসেছে।
টিএনটি স্পোর্টসের ফুটবল বিশ্লেষক অ্যালি ম্যাককোইস্ট বলেন, “জীবনে এমন ৪৫ মিনিটের খেলা আগে কখনও দেখিনি। ইয়ামালের খেলা ছিল অবিশ্বাস্য।”
ইন্টার কোচ সিমোন ইনজাঘি বলেন, “ইয়ামাল এমন এক প্রতিভা, যা প্রতি ৫০ বছর অন্তর দেখা যায়। আমরা তাকে চাপ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার প্রতিভা সামাল দেওয়া কঠিন।”
বার্সেলোনা কোচ হানসি ফ্লিক বলেছেন, “ইয়ামাল সত্যিই ফুটবল জিনিয়াস।” বিবিসির পণ্ডিত স্টিফেন ওয়ার্নক তো তাকে বলেই দিয়েছেন, ‘ভবিষ্যতের ব্যালন ডি’অর বিজয়ী।’
বিশেষজ্ঞদের প্রশংসায় ভাসলেও ইয়ামাল বরাবরই নিজের কাজেই মনোযোগী। ফুটবল বিশ্ব অপেক্ষায় রয়েছে এই বিস্ময়বালকের পরবর্তী ম্যাজিকাল পারফরম্যান্স দেখার।
