
কক্সবাজারে টেকনাফের বাহারছড়ায় অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। একসময় এক দালালকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ৫ জন শিশু, ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে বলে জানা গেছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। আটক দালাল নেজাম উদ্দিন (২০) টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়ার মোহাম্মদ হোসেন ওরফে লাল মোহাম্মদ এর ছেলে। উদ্ধার হওয়া ভিকটিমরা উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ওসি বলেন, রাতে ওই এলাকার সমুদ্র উপকূলে দিয়ে কিছু সংখ্যক লোকজনকে সংঘবদ্ধ দালাল চক্রের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১৫ জন সন্দেহজনক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
ওসি আরো বলেন, ভুক্তভোগীরা জানিয়েছেন, সংঘবদ্ধ মানবপাচারকারী নানা প্রলোভনে তাদের মালয়েশিয়া পাচারের কথা বলে নিয়ে আসে। আটক ব্যক্তিসহ তার সহযোগীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
