
দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য সারোয়ারকে সম্মাননা দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মহাপরিচালক সারোয়ারকে এ সম্মাননা প্রদান করেন।
.
আনসার সদর দপ্তর জানায়, দায়িত্ব পালনের পাশাপাশি সারোয়ার দীর্ঘদিন ধরে নিজের উপার্জনের একটি অংশ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করে আসছেন। তিনি নিয়মিত খাদ্য সহায়তা প্রদান, পথশিশুদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহে সহায়তা এবং যুবসমাজের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করছেন। তার এসব কর্মকাণ্ড বিভিন্ন গণমাধ্যমেও ইতিবাচকভাবে উঠে এসেছে।
.
সাক্ষাৎকালে মহাপরিচালক সারোয়ারের পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং মানবকল্যাণে তার নিরলস অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
আনসার সদর দপ্তরের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই একজন সদস্যের প্রকৃত সেবার পরিচয় প্রতিফলিত হয়। সারোয়ারের এ স্বীকৃতি বাহিনীর অন্যান্য সদস্যদেরও জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
