মাঠে না থেকেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি সাইফ-জাকের-ইমনদের

খেলা

নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করছেন ঘরোয়া ক্রিকেটের আসর বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল)। তবে মাঠের বাইরে থেকেও আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে সুখবর পেলেন বাংলাদেশের তিন ব্যাটার। টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও জাকের আলির।
সবশেষ হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন। ৫৪২ রেটিং পয়েন্ট এখন তার নামের পাশে, যা তার ক্যারিয়ারসেরা অবস্থান। ইমনের পাশাপাশি উন্নতি হয়েছে সাইফ হাসান ও জাকের আলিরও। সাইফ ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২ নম্বর এবং উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭২তম স্থানে অবস্থান করছেন।
তবে অন্যদের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। বিশ্বকাপে না থাকায় নিয়মিত পয়েন্ট হারাচ্ছেন বাকিরা। টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ১ ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমে গেছেন। লিটন কুমার দাস ১ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ৫৪ নম্বরে। মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ৪৭ নম্বরে অপরিবর্তিত আছেন।
ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে কিছুটা সুবাতাস থাকলেও বোলিং ও অলরাউন্ডার তালিকায় অবনতি হয়েছে প্রায় সবার। বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৯ নম্বরে নিজের জায়গা ধরে রাখতে পারলেও বাকিদের পতন হয়েছে দীর্ঘ। স্পিনার শেখ মেহেদি হাসান ৪ ধাপ পিছিয়ে ২১ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন ৭ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন। এছাড়া নাসুম আহমেদ ৩ ধাপ পিছিয়ে ৩৫ এবং তানজিম হাসান সাকিব ৫ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে অবস্থান করছেন। পেসারদের মধ্যে শরিফুল ইসলাম (৬৩), তাসকিন আহমেদ (৬৪) ও হাসান মাহমুদের (৯১) র‌্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে। এদিকে অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের অবস্থা বেশ নাজুক। সেরা চল্লিশের মধ্যে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। ১ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে নেমে গেছেন শেখ মেহেদি হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *