খবর ৫২ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাজার ভেঙে ফেলা এবং লাশ পুড়িয়ে ফেলার মতো কাজগুলো রাসূল (সা.)-এর শিক্ষার সাথে সাংঘর্ষিক। তিনি অভিযোগ করেন যে ধর্মের নামে নানা ফতোয়া জারি করে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমানে দেশে একপ্রকার নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তৌহিদী জনতার পেছনে আন্তর্জাতিক পর্যায়ে কিছু ষড়যন্ত্র কাজ করছে। বিএনপির আমলে শেখ হাসিনা যেভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করেছিল, এখনও একই ধরনের কোনো ষড়যন্ত্র চলছে কিনা, তা অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে।”
রিজভী আরও বলেন, “দেশের ভেতর থেকেই কিছু গোষ্ঠী এই বিভ্রান্তি ও ষড়যন্ত্রে লিপ্ত। পাকিস্তান আমলেও কখনও মাজার আক্রমণ বা লাশ পুড়িয়ে ফেলার মতো ঘটনা শোনা যায়নি। এসব কাজ ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী।”
