
পবিত্র মক্কা নগরীতে “কিং সালমান গেট” নামে একটি গুরুত্বপূর্ণ বহু-ব্যবহারের উন্নয়ন প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে সউদী আরব। প্রকল্পটির লক্ষ্য মসজিদ আল হারামের আশেপাশে প্রবেশাধিকার বাড়ানো এবং পরিষেবাকে রূপান্তরিত করা। বুধবার দেশটির বিনিয়োগ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
১২ মিলিয়ন বর্গমিটার পর্যন্ত মোট মেঝের এলাকা জুড়ে বিস্তৃত এই প্রকল্পটি মক্কার কেন্দ্রীয় জেলাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং আধুনিক শহর পরিকল্পনার জন্য এটিকে একটি বিশ্ব মডেল হিসাবে প্রতিষ্ঠা করবে।
সউদী প্রেস এজেন্সির তথ্য মতে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষিত “কিং সালমান গেট” প্রকল্পটি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন সংস্থা রুয়া আল-হারাম আল-মাক্কি কোম্পানি বাস্তবায়ন করবে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই প্রকল্পের লক্ষ্য হলো মক্কার অবকাঠামো, বিশেষ করে এর কেন্দ্রীয় এলাকার উন্নয়নে একটি গুণগত উল্লম্ফন সৃষ্টি করা, যাতে শহুরে উন্নয়নের জন্য একটি নতুন বিশ্বব্যাপী মানদণ্ড প্রতিষ্ঠা করা যায়।
বিস্তারিত তথ্য অনুসারে, এই উন্নয়ন প্রকল্পটি গ্র্যান্ড মসজিদে প্রবেশাধিকার বাড়াবে, পরিষেবার মান উন্নত করবে এবং সউদী ভিশন ২০৩০ এর অধীনে হজ অভিজ্ঞতা কর্মসূচির সাথে সঙ্গতি রেখে হজ যাত্রী এবং দর্শকদের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
গ্র্যান্ড মসজিদের ঠিক পাশে কৌশলগতভাবে অবস্থিত কিং সালমান গেটে আবাসিক, আতিথেয়তা, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সুবিধা থাকবে। এতে প্রায় ইনডোর ও আউটডোর মিলিয়ে ৯০০,০০০ ইবাদতকারীর স্থান সংকুলান হবে।
পবিত্র মসজিদে প্রবেশাধিকার সহজ করতে প্রকল্পটি গণপরিবহনের সাথে সংযুক্ত করা হবে এবং এটি মক্কার সাংস্কৃতিক পরিচিতিকে আধুনিক স্থাপত্য উপাদানের সাথে একীভূত করবে। এছাড়াও, শহরের ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ করতে প্রায় ১৯,০০০ বর্গমিটার ঐতিহ্যবাহী স্থান পুনরুদ্ধার ও উন্নত করা হবে।
এছাড়াও প্রকল্পটি ২০৩৬ সালের মধ্যে ৩,০০,০০০ এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করে সউদী ভিশন ২০৩০-এর অর্থনৈতিক বৈচিত্র্যকরণের লক্ষ্যগুলিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
