ভারত থেকে ফিরেই বাংলাদেশ ছাড়বেন হামজা

খেলা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর আজ বিকালে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের সঙ্গে ফিরছেন পোস্টারবয় হামজা চৌধুরিও। তবে সতীর্থদের সঙ্গে বের হবেন না তিনি, অবস্থান করবেন বিমানবন্দরের ভিতরে। সেখান থেকেই একেবারে ইংল্যান্ডগামী বিমান ধরবেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
মেঘালয়ের শিলং ছেড়ে আজ সকালে আসামের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। এরপর বিমানে চড়ে পশ্চিমবঙ্গের কলকাতায় আসবেন টাইগার খেলোয়াড় ও কোচিং স্টাফরা। সেখান থেকে ভারতীয় সময় বিকাল সোয়া চারটার ফ্লাইটে উঠবেন হ্যাভিয়ের কাবরেরার দল। এর ঠিক এক ঘন্টা পর ঢাকার মাটিতে নামার কথা লাল সবুজের প্রতিনিধিদের। তবে ম্যাচটি খেলতে যাওয়ার আগে কলকাতা থেকে সরাসরি শিলংয়ে উড়ে যায় বাংলাদেশ। ফেরার সময় ভিন্ন পথ ব্যবহার করার কারণ দর্শিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, শিলং থেকে সরাসরি কলকাতায় এলে সেখানে এক রাত থাকতে হতো দলকে। তাই আর সে মুখো হয়নি তারা। সেজন্য শিলং থেকে বাসে চড়ে তিন ঘন্টার যাত্রায় গুয়াহাটিতে পৌঁছে তারপর কলকাতায় ফেরার উপায় বেছে নেয়া হয়। আগেই ঠিক করে রাখা হয়েছিল যে, ভারত থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিতরেই অবস্থান করবেন প্রবাসী ফুটবলার হামজা। এরপর তিনি পরিবারের সদস্যদের নিয়ে ইংল্যান্ডগামী ফ্লাইটে চড়বেন। গত ১৭ই মার্চ মা, স্ত্রী, সন্তান ও ভাইসহ মোট ৯ জনকে নিয়ে বাংলাদেশে আসেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। এর আগে মঙ্গলবার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরির। বর্তমানে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলছেন তিনি। ভারতীয়দের বিপক্ষে নিজে প্রত্যাশা পূরণ করলেও জয়সূচক গোলের দেখা পায়নি বাংলাদেশ। গোলের বেশ কয়েকটি সুবর্ন সুযোগ পায়ে ঠেলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে সফরকারীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *