
ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলা থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার (১৬ মে) উত্তর প্রদেশের মথুরার নৌঝিল থানার খাজপুর গ্রামে অভিযান চালিয়ে এই ৯০ জনকে আটক করা হয়। তারা বেশ কিছুদিন ধরে ওই এলাকার ইটভাটাগুলোতে বসবাস করছিলেন। অভিযানের সময় পুলিশ ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২৮ জন শিশুকে আটক করে।
পুলিশ জানায়, তারা জিজ্ঞাসাবাদের সময় নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছে এবং বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার মাস আগে তারা পার্শ্ববর্তী রাজ্য পেরিয়ে মথুরায় প্রবেশ করেছিল।
এছাড়াও অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে কয়েকটি আধার কার্ড উদ্ধার করা হয়, যেগুলো জাল নথির মাধ্যমে তৈরি হয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ। এখন পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে—কোন ঠিকাদার বা স্থানীয় দালালের সহায়তায় তারা ভারতে প্রবেশ ও বসবাসের সুযোগ পেয়েছেন। পুরো ঘটনায় তদন্ত চলছে এবং প্রশাসন আশ্বাস দিয়েছে, শিগগিরই আরও তথ্য প্রকাশ পাবে। তথ্যসূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই
