
বিসিবির কর্মকর্তা পর্যায়ে রদবদল করা হতে পারে। এক বিভাগ থেকে অন্য বিভাগে সরিয়ে দেওয়া হতে পারে ইনচার্জ ও ম্যানেজারদের। গুঞ্জন আছে– ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসকে বদলি করা হতে পারে এইচপিতে। আর এইচপির ইনচার্জ জামাল বাবুকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে ক্রিকেট পরিচালনা বিভাগে।
বিসিবি কর্মকর্তাদের মধ্যে বিষয়টি দুশ্চিন্তা বাড়িয়েছে। বিশেষ করে শাহরিয়ার নাফীসের বিভাগ পরিবর্তনকে ভালোভাবে দেখছেন না কেউ। কারণ তিনি সাবেক সভাপতি ফারুক আহমেদের খালাতো ভাই। এ কারণে তাঁকে সরাতে পারে বলে মনে করেন কেউ কেউ।
যদিও পরিচালক মাহাবুবুল আনাম এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আন্তঃবিভাগে রদবদলের কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে সেটি কাজের সুবিধা বা কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তোলার জন্যই করা হবে। আমি মনে করি, এখানে ব্যক্তিগত কিছু হবে না।’
শাহরিয়ার নাফীস ক্রিকেট পরিচালনা বিভাগে চাকরি করছেন পাঁচ বছর হলো। সাবেক ম্যানেজার সাব্বির খানের কাছ থেকে কাজ শিখে দক্ষ হয়ে উঠেছেন তিনি।
আরও দুটি বিভাগে রদবদলের কথা শোনা গেছে। গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসারকে টুর্নামেন্ট কমিটিতে আর টুর্নামেন্ট কমিটির ইনচার্জ আরিফুল ইসলামকে গেম ডেভেলপমেন্ট বিভাগে রদবদল করা হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, রদবদলের বিষয়টি জানা নেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।
