বিশ্বজুড়ে মার্কিন ভিসা পোর্টালে কারিগরি ত্রুটি: চরম ভোগান্তিতে আবেদনকারীরা

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা বা কাজের পরিকল্পনা করা হাজার হাজার মানুষ বিশ্বব্যাপী এক চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিং ব্যবস্থার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম ইউএসট্রাভেলডকস (USTravelDocs)-এ হঠাৎ বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দেওয়ায় স্থবির হয়ে পড়েছে এর পুরো সেবা কার্যক্রম।

অভিবাসন বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে ওয়েবসাইটটির কারিগরি সমস্যা ক্রমশ জটিল আকার ধারণ করছে। এর ফলে বিশ্বজুড়ে লাখ লাখ আবেদনকারী অনলাইন পোর্টালে লগইন করতে পারছেন না। পাশাপাশি ভিসা ফি পরিশোধ করা কিংবা সাক্ষাৎকারের (ইন্টারভিউ) নতুন তারিখ বুক করার ক্ষেত্রেও বড় ধরণের জটিলতা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে আবেদনকারীদের পুরো প্রক্রিয়াটি মাঝপথেই আটকে যাচ্ছে।

বর্তমানে ‘ইউএসট্রাভেলডকস.কম’ পোর্টালটিতে একটি জরুরি সতর্কবার্তা প্রদর্শন করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, তাদের শিডিউলিং সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটি চলছে এবং ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্তৃপক্ষ বিষয়টির দ্রুত সমাধানে কাজ করছে বলেও আশ্বস্ত করেছে।

বিশেষ করে সামনে গ্রীষ্মকালীন ভ্রমণ মরশুম এবং আন্তর্জাতিক শিক্ষা সেশন (ফল সেশন) শুরু হতে যাওয়ার ঠিক আগে এই বিভ্রাট সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ তৈরি করেছে। সময়মতো সাক্ষাৎকারের তারিখ না পাওয়ায় শিক্ষার্থী ও পর্যটকদের একটি বড় অংশ বড় ধরণের আর্থিক ও একাডেমিক ক্ষতির আশঙ্কা করছেন।

সাধারণত পর্যটন ভিসা (B1/B2), শিক্ষার্থী ভিসা (F-1), কর্মসংস্থানভিত্তিক ভিসা (H-1B) এবং পরিবার-ভিত্তিক অভিবাসন ভিসাসহ সব প্রধান বিভাগের আবেদনকারীরা এই সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন।

পরিস্থিতি বিবেচনায় সংস্থার পক্ষ থেকে আবেদনকারীদের ধৈর্য ধারণ করে নিয়মিত পোর্টাল পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা এবং মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের অফিসিয়াল আপডেটগুলো অনুসরণ করতে বলা হয়েছে। তবে এই কারিগরি ত্রুটি ঠিক হতে ঠিক কতদিন সময় লাগবে, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *