বিশ্বকাপ ফাইনালের হার ভুলতে পারছেন না পারেদেস

খেলা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার কষ্ট এতটাই গভীর যে, ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার সকালে কোপা সুদামেরিকানার নকআউট পর্বের প্লে-অফে ও’হিগিন্সকে ১-০ গোলে হারানোর পর গণমাধ্যমের মুখোমুখি হন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। ম্যাচের চেয়ে বিশ্বকাপের প্রসঙ্গই উঠে আসে বেশি।

সেখানেই পারেদেস বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারব কি না, জানি না। পুরো বিষয়টি ভালোভাবে ভেবে দেখতে হবে। আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। যদিও আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি, কিন্তু বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট দীর্ঘদিন থাকবে। কারণ, আমরা আবারও শিরোপার খুব কাছাকাছি গিয়েছিলাম।’

৩২ বছর বয়সী এই ফুটবলার জানান, বিশ্বকাপজুড়ে পাঁজরের চোট তাকে ভুগিয়েছে। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস বলেন, ‘বিশ্বকাপের প্রথম কয়েক দিন খুব কঠিন ছিল। কারণ, আমার পাঁজরে ছোট একটি চিড় ধরেছিল। এখন আমি ভালো আছি। প্রথম কয়েক দিন, এমনকি মিসরের বিপক্ষে ম্যাচের পরও তীব্র ব্যথা ছিল। শেষ পর্যন্ত ট্রমাটোলজিস্ট ও মেডিকেল দলের সহায়তায় মাঠে নামতে পেরেছি।’

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

ফাইনাল শেষে রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠে স্পেনের দুই খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতির ঘটনায়ও আলোচনায় ছিলেন পারেদেস। তবে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব তিনি নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, ‘ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আমরা ভাবি না। আমরা জানি, দারুণ একটি বিশ্বকাপ খেলেছি। ফাইনালে স্পেনই ছিল সেরা দল। তাদের জয় এবং চ্যাম্পিয়ন হওয়াটা প্রাপ্য ছিল।’

গত আট বছরে আর্জেন্টিনা জাতীয় দলের অর্জন নিয়েও গর্ব প্রকাশ করেন এই মিডফিল্ডার।

তার ভাষায়, ‘গত আট বছরে আমরা যা অর্জন করেছি, এখন সেটি উপভোগ করার সময়। এই দলের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে যাওয়া মোটেও সহজ নয়।’

এদিকে অধিনায়ক লিওনেল মেসি ও প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে চলা আলোচনা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন পারেদেস।

তিনি বলেন, ‘চালিয়ে যাওয়া বা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অনেকের জন্যই কঠিন হবে। আমাদের পথচলাটা ছিল অসাধারণ। আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু অর্জন করেছি। এই মান ধরে রাখা এবং দলের জন্য একইভাবে কাজ করে যাওয়া সহজ হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *