
তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৯ আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে ১১ আগস্ট পর্যন্ত। এতে বিভিন্ন সময়ের ছয়টি সিনেমা প্রদর্শিত হবে। একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে হবে প্রদর্শনীগুলো। ‘চলচ্চিত্র উৎসব : একাল-সেকাল’ শীর্ষক আয়োজনটিতে উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। এটি এবারের ঈদুল-আজহায় মুক্তি পাওয়ার পর দেশ-বিদেশে দারুণ সাড়া ফেলেছে।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এটি দেখানো হবে ৯ আগস্ট সন্ধ্যা ৬টায়। রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’। এ সিনেমার প্রধান চরিত্রে আছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ। ১০ আগস্ট উৎসবের দ্বিতীয় দিন বিকাল ৫টা ৩০ মিনিটে দর্শকরা দেখতে পারবেন খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় প্রদর্শিত হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’। উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকাল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’।
একই দিন রাত ৮টায় উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে থাকছে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ এই প্রতিপাদ্যে আয়োজিত উৎসবটির সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকছে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। উৎসবটি উন্মুক্ত থাকছে সবার জন্য।
