বিএনপির সঙ্গে জোটের সম্ভবনা এখনও রয়েছে: মামুনুল হক

প্রচ্ছদ রাজনীতি

খবর ৫২ ডেস্কঃ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানিয়েছেন, বিএনপির সঙ্গে নির্বাচনি জোট বা সমঝোতার সম্ভাবনা এখনও রয়েছে। তবে এ জন্য দুটি শর্তের নিশ্চয়তা চান তিনি। সম্প্রতি (যুগান্তরকে )দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, “বিএনপির সঙ্গে অতীতে আমাদের নির্বাচনি জোট ও সমঝোতা হয়েছে। কাজেই এ ধরনের সম্ভাবনা এখনও রয়েছে। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো- প্রথমত, জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়া এবং দ্বিতীয়ত, উচ্চকক্ষে অন্তত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নিশ্চয়তা। এই দুটি ইস্যু আমাদের আগামী নির্বাচনের মেরুকরণ ও জোট নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে।”

বিএনপি বা অন্য কোনো জোটে যাওয়ার বিষয়টি কিসের ওপর নির্ভর করবে- এমন প্রশ্নে তিনি জোর দিয়ে বলেন, “শুধু হিসাব-নিকাশ নয়, আদর্শিক বিষয়টিই মুখ্য। ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ এ দুটিকে আমরা অগ্রাধিকার দেব। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতির নিশ্চয়তা এই দুটি দাবি আমাদের অবস্থান নির্ধারণ করবে।”

জামায়াতের সঙ্গে জোটের আলোচনায় আদর্শের প্রশ্ন ওঠে, কিন্তু বিএনপির ক্ষেত্রে তা হয় না- এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, “বিএনপি যেহেতু কোনো ইসলামি আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন নয়, কাজেই তাদের সঙ্গে জোট করলে আমাদের অনুসারীরা আদর্শিকভাবে বিভ্রান্ত হবেন বলে আমরা মনে করি না। কিন্তু জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ইসলামি রাজনৈতিক দল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য আছে। তাই জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমাদের জনশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *