বিএনএসিডব্লিউসির তত্ত্বাবধানে ইন্ডাস্ট্রি সেফটি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

জাতীয়

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন ও আন্তর্জাতিক ইউনিয়ন অব পিউর অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি (আইইউপিএসি) যৌথভাবে ঢাকা সেনানিবাসে বৃহস্পতিবার ‘ইন্ডাস্ট্রি সেফটি ট্রেনিং প্রগ্রাম ইন বাংলাদেশ-২০২৫’ শিরোনামে শিল্পপ্রতিষ্ঠানের রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত একটি প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে বাংলাদেশের স্বনামধন্য রাসায়নিক শিল্প-কারখানা ও রাসায়নিক দ্রব্য আমদানিকারকসহ সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, দিনব্যাপী প্রশিক্ষণে হন্ডুরাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গ্রেসিয়া রোমিরো এবং যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হেমদা গ্যারলিক অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. ইকবাল রউফ মামুন এবং বিএনএসিডব্লিউসির স্টাফ অফিসাররা গুরুত্বপূর্ণ বিষয়ে লেকচার দেন।

বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবহার এবং এসংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি প্রশিক্ষণে লেকচার প্রদানকারী দেশি-বিদেশি প্রশিক্ষকগণ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *